April 9, 2026
ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জে পদ্মা নদীতে এমএল পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় লঞ্চের মালিক, সারেং ও সুকানিসহ ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লৌহজং থানায় মামলাটি করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বি আইডাব্লিউটিএ) পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভূঁইয়া। লৌহজং থানার ওসি তোফাজ্জল হোসেন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লঞ্চের মালিক আবু বকর সিদ্দিক কালুকে হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে। লঞ্চডুবির ঘটনায় তাদের দায়ী করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে কাওড়াকান্দি থেকে প্রায় আড়াইশ’ যাত্রী নিয়ে মাওয়া ঘাটে যাওয়ার পথে লৌহজং ক্রসিংয়ে ডুবে যায় লঞ্চ এমএল পিনাক-৬। মঙ্গলবার পর্যন্ত নদী থেকে কেবল দুইজনের লাশ পাওয়া গেছে। এছাড়া স্বজনদের অভিযোগের ভিত্তিতে নিখোঁজ ১২৯ যাত্রীর একটি তালিকা তৈরি করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন।