পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চাঁদপুর থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়ছে লঞ্চ॥ কর্তৃপক্ষের তদারকি নেই

Posted on August 5, 2014 | in সারা দেশ | by

59405_chandpurচাঁদপুর: লঞ্চডুবির ঘটনা আবারো বাড়ছে। অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করায় বর্ষায় প্রচণ্ড ঢেউয়ে এ দুর্ঘটনা ঘটছে। সোমবার মুন্সিগঞ্জের মাওয়ায় যাওয়ার পথে দু’শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবি হয়েছে। তারপরও টনক নড়েনি চাঁদপুর লঞ্চ টার্মিনালে। চাঁদপুর-ঢাকা নৌপথে ঈদ শেষে ঢাকামুখী লঞ্চগুলো ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী নিয়ে চাঁদপুরঘাট ছাড়ছে। লঞ্চ কর্তৃপক্ষ অধিক লাভের আশায় যাত্রীদের জীবনের ঝুঁকির মধ্যে ফেলেই চলাচল করছে ইচ্ছেমতো। কোনো কর্তৃপক্ষকেই যাত্রী নামানো বা লঞ্চের জরিমানা করতে দেখা যায়নি। আইন থাকলেও তেমন কোনো প্রয়োগ নেই সেখানে। কর্তৃপক্ষের এ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ যাত্রীরাই। এদিকে ভিড়ের কারণে অনেককেই লঞ্চ থেকে নেমে যেতে দেখা গেছে। ঢাকাগামী লঞ্চের এমনই কয়েকজন যাত্রী জানায়, প্রচণ্ড ভিড় লঞ্চে দাঁড়ানোর জায়গাও পাওয়া যাচ্ছে না। তারপরও লঞ্চে যাত্রীরা উঠছে। কেউ বাঁধাও দিচ্ছে না। যার জন্য আমরা লঞ্চে না উঠে তীরে নেমে এসেছি। তবে লঞ্চ মালিকদের দাবি, যাত্রীরা জেনে শুনেই অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠছেন। সরেজমিনে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের বিষয়ে কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না প্রায় ক্ষেত্রেই। লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া সব লঞ্চেই তিল পরিমাণ ঠাঁই নেই। কোনো কোনো লঞ্চের ছাদেও লোক উঠাতে দেখা গেছে। টার্মিনাল দিয়েও লঞ্চের প্রবেশ মুখ দিয়ে যাত্রী সাধারণ ঠেলাঠেলি করে উঠছে, টার্মিনাল থেকে নৌকা দিয়েও লঞ্চের সাইড দিয়ে ঝুঁকি নিয়ে যাত্রীরা লঞ্চে উঠছে। আবার মাঝ নদীতে লঞ্চে নৌকায় করে যাত্রী উঠানোর নিষেধাজ্ঞা মানা হচ্ছে না। অনেকটা ঝুঁকি নিয়ে চলতি লঞ্চে নৌকা দিয়েও ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছে যাত্রীরা। লঞ্চ মালিক প্রতিনিধি রুহুল আমিন জানান, অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে না উঠতে অনুরোধ করলেও কোনো কাজ হচ্ছে না। যাত্রীরা বাধা না মেনেই লঞ্চে উঠছে। আব-এ-জম জম লঞ্চের সুপার ভাইজার শওকত বেপারী জানান, প্রতি বছরই ঈদের কয়েক দিন এমন অবস্থা দেখা গেলেও তেমন কিছুই করার থাকে না কারোরই। যাত্রীরা উঠলে আমরা কি করব।

চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. মোবারক হোসেন জানান, লঞ্চে চলাচলের ক্ষেত্রে ৩ আগস্ট পর্যন্ত সর্বোচ্চ তদারকি করা হয়েছে। তখন কোনো সমস্যা হয়নি। তবে এখন কেন এত যাত্রী হচ্ছে তা বুঝতে পারছি না। অতিরিক্ত যাত্রী যাতে লঞ্চে না নেয়া হয় সে ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জানান, ঈদের আগে ঢাকার সদরঘাট থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চ ছেড়ে এসেছে। হেলিকপ্টার টহল, পুলিশের পাশাপাশি র‌্যাব কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তা, লঞ্চ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে ঢাকা সদরঘাটে নিয়ম শৃঙ্খলা রক্ষা করতে পারেনি। সেখানে চাঁদপুর লঞ্চঘাটে কিভাবে সম্ভব হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud